জ্বালানি বিভাগ জানিয়েছে, আগামী দুই মাস পেট্রল ও অকটেনের কোনো সংকট থাকবে না
- আপডেট সময় : ০২:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২১০৩ বার পড়া হয়েছে
জ্বালানি বিভাগ জানিয়েছে, আগামী দুই মাসে পেট্রল ও অকটেন নিয়ে কোনো সংকট হবে না।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। দেশে বর্তমানে ১ লাখ ৪৩ হাজার মেট্রিক টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন অকটেন এবং ১৬ হাজার ৮১২ মেট্রিক টন পেট্রোল মজুত রয়েছে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে ৭ হাজার ৩৪২টি অভিযানে মোট ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার অভিযোগে উদ্ধার করা হয়েছে। মনির হোসেন চৌধুরী সতর্ক করে বলেন, মজুত বা অতিরিক্ত কেনার প্রবণতা চলতে থাকলে সমস্যার সমাধান হবে না।
জ্বালানি তেলের ভর্তুকি বিষয়েও তিনি জানালেন, প্রতি মাসে সরকার ডিজেল বিক্রিতে দুই থেকে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। বর্তমানে এক লিটার ডিজেল ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা বাস্তব মূল্য ১৫৫ টাকা হওয়া উচিত।
ঢাকায় পরীক্ষামূলকভাবে ফুয়েল পাসের মাধ্যমে সোনার বাংলা ও ট্রাস্ট ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে, যা ধাপে ধাপে সারা দেশে চালু করা হবে।
যুদ্ধ স্থায়ীভাবে শেষ হলেও দীর্ঘমেয়াদে অর্থনীতিতে প্রভাব পড়বে জানিয়ে তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ওপরও এর প্রভাব থাকবে। তবে এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। যুদ্ধ শেষ হলে সরকারের সব বিষয় বিবেচনা করে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।
জ্বালানি মজুতের সক্ষমতা আরও বাড়াতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিচ্ছে। এছাড়া এলপিজি তেলের দাম নিয়ে ভোক্তাদের অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান যুগ্ম সচিব।


























