৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৪৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গত ৪২ দিনে দেশে কোনো গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটেনি। তিনি বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ উত্থাপনকালে এই তথ্য জানান। কুমিল্লা-৪ আসনের এনসিপি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিলটি নিয়ে আপত্তি জানালে মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “আমরা চাই না কোনো মা তার সন্তানকে ক্রসফায়ারের কারণে হারান বা কেউ গুমের শিকার হন। সরকার চাইলে প্রতিহিংসামূলক রাজনীতি করতে পারত, কিন্তু আমরা সেই পথে যাইনি।”
তিনি মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর ত্রুটিগুলোও তুলে ধরেন। অধ্যাদেশে তদন্ত প্রক্রিয়া, জরিমানা ও ক্ষতিপূরণ নির্ধারণের স্পষ্ট নির্দেশনা ছিল না এবং কমিশন নিজেই মামলা করতে পারার সুযোগ ছিল, যা নিরপেক্ষতার প্রশ্ন তৈরি করত। এই অস্পষ্টতা দূর করতে এবং স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার সুযোগ রাখতে আপাতত ২০০৯ সালের আইন পুনর্বহাল করা হয়েছে।
গুমকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম জঘন্য অপরাধ উল্লেখ করে মন্ত্রী বলেন, “যে কোনো আইন গোপন উদ্দেশ্য বা পক্ষপাতমূলকভাবে প্রণয়ন করা হলে তা শুরু থেকেই বাতিলযোগ্য। আইন অন্তত ২০ বছর কার্যকর থাকার মতো পরিকল্পনা অনুযায়ী প্রণয়ন করা উচিত।”
তিনি আরও জানান, বস্তি এলাকা থেকে শুরু করে রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক মানবাধিকার আইন তৈরি করা হবে। সংসদ সদস্যদেরও এ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।



























