সারাদেশ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার পৌর ৮নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ২১০৯ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯শে জুন শুক্রবার বিকেলে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের পলুর মার্কেট এলাকায় আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইনউদ্দিন বিপ্লব।
৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট তানজিনা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান গোলাম মোস্তফা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মেহেদি রানা শহীদ,থানা কৃষকদলের সদস্য সচিব রবিন হোসেন, সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব সামিরসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, উন্নয়ন ও জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে দেওয়ান মইনউদ্দিন বিপ্লব বলেন, “শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট তানজিনা আফরিন বলেন, “শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপতি নন, তিনি ছিলেন জাতীয়তাবাদী চেতনার প্রতীক। তাঁর আত্মত্যাগ ও দেশপ্রেমের শিক্ষা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে পথনির্দেশনা দেয়।”
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়। বিএনপির নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






















