বাসে তল্লাশিতে ২৮ লাখ টাকার ৭ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
- আপডেট সময় : ১০:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ২০৬৬ বার পড়া হয়েছে
নেত্রকোণায় ৭ হাজার পিস ইয়াবাসহ মরিয়ম বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়।
বুধবার (১৫ জুলাই) জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হেনারগাতী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মরিয়ম বেগম কেন্দুয়া উপজেলার রয়েলবাড়ী ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের কথিত মাদক কারবারি জুয়েল মিয়ার স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম হেনারগাতী বাজারের সোলায়মানের মুদি দোকানের দক্ষিণ পাশে আঠারোবাড়ী-কেন্দুয়াগামী সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
একপর্যায়ে সন্দেহভাজন ‘আশেকানে হাওলাপুরী’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মরিয়ম বেগমকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩৫টি নীল রঙের জিপার পলিপ্যাকে রাখা মোট ৭ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ টাকা।
এ সময় তার কাছ থেকে একটি itel বাটন মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা এবং মাদক বিক্রির ৩ হাজার টাকা নগদ জব্দ করা হয়। নগদ অর্থ ছাড়া জব্দকৃত আলামতের মোট আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ১ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজ নিজ এলাকার মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে অধিদপ্তরকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”






















