সারাদেশ
শ্যামনগরে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলন, সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের ওপর হামলা
- আপডেট সময় : ১২:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ২১৩৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঘোলাত্রি মোহনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জামায়াত নেতা শহিদুল ইসলামের নেতৃত্বে ড্রেজার ও ট্রলার ব্যবহার করে দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তীরভাঙন, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কার্যকর নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে এক সাংবাদিককে সংবাদ প্রকাশ না করার জন্য প্রভাবিত করার চেষ্টা এবং পরে মারধরের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, শহিদুল ইসলামের সহযোগী পরিচয়ে ফাহাদের মাধ্যমে ফোনে যোগাযোগের পর শহিদুল ইসলাম সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান। এতে সাড়া না পেয়ে তিনি সাংবাদিককে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল অবৈধ বালু উত্তোলন বন্ধ, নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।






















