ছাগলনাইয়ায় ৬৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার
- আপডেট সময় : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ২১৫৭ বার পড়া হয়েছে
ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৬৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৩ আগস্ট) সকালে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর সদস্যরা উপজেলার মধুগ্রাম বিওপি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মধুগ্রাম বিওপি এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিল বিজিবির একটি দল। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি বস্তা ফেলে দ্রুত সীমান্তবর্তী এলাকা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত বস্তা থেকে মোট ৬৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম. এম. জিল্লুর রহমান, পদাতিক বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















