দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ যুবক আটক
- আপডেট সময় : ০৯:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ২২১৭ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০০ গ্রাম হেরোইনসহ হুরমুছ আলী (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৪। শনিবার বিকেলে পৌর শহরের তেঁতুলতলা সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলতলা সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হুরমুছ আলীকে আটক করে তার কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
আটক হুরমুছ আলী গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারী চর গ্রামের মৃত ফরমান আলীর ছেলে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হুরমুছ আলীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে আটক যুবককে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।






















