ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, মুক্তিপণ চেষ্টায় ৫ গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন জালালের মোড় (নটরডেম কলেজের পেছনে) এলাকায় ডিজিএফআই ও ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে সংঘবদ্ধ অপরাধী চক্রের ৫ সদস্য দের হাতেনাতে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
গতকাল ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ বেলা আনুমানিক ১:০০-১:৩০ ঘটিকার সময় নিয়মিত টহল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার এএসআই (নিঃ) মোঃ কাদিরুল ইসলাম জানতে পারেন যে, নটরডেম কলেজের পেছনে জালালের মোড় এলাকায় এক ব্যক্তিকে অপহরণ করে এনে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হচ্ছে তাৎক্ষণিক ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান কে অবহিত করলে পুলিশ সুপার সংবাদ পাওয়ার সাথে সাথেই কোতোয়ালী মডেল থানার একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করে।
উদ্ধারকৃত ভিকটিমের নাম মোঃ আব্দুস সামাদ (৩১), পিতা- আব্দুর রেজ্জাক, সাং- পনঘাগড়া, থানা- কোতোয়ালী, ময়মনসিংহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম জানান, অদ্য সকাল আনুমানিক ১১:০০ ঘটিকার সময় ঢাকা হাইওয়ের চুরখাই এলাকায় গ্রেফতারকৃত ব্যক্তিরা নিজেদের ডিজিএফআই ও ডিবি সদস্য পরিচয় দিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরবর্তীতে জালালের মোড় এলাকায় এনে তাকে মাদকের মিথ্যা মামলায় গ্রেফতার ও চালান দেওয়ার ভয় দেখিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে।
গ্রেফতারকৃতদের পরিচিতি ১। মোঃ শামীম ইসলাম সবুজ (৩৫) পিতা- জসিম উদ্দিন, মাতা- শাহনাজ পারভিন, সাং- ছিট আলোকদি, থানা- খানসামা, জেলা- দিনাজপুর। ২। আল-আমীন (২০) পিতা- মোঃ তোতামিয়া, মাতা- জাহানারা বেগম, সাং- সুতিয়াখালী (২৩ নং ওয়ার্ড), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ। ৩। ফারুক আহম্মেদ (৩৫) পিতা- হতেম আলী, মাতা- রোকেয়া বেগম, সাং- চর ভাবনা, থানা- নকলা, জেলা- শেরপুর। ৪। পিয়াস মিয়া (২২) পিতা- দুলাল মিয়া, মাতা- পারভীন আক্তার, সাং- সুতিয়াখালী (২৩ নং ওয়ার্ড), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ। ৫। দিদারুল ইসলাম (৫৮) পিতা- মমতাজ উদ্দিন, সাং- ৫০/সি বাগমারা, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।
গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১টি মোটরসাইকেল, ৭টি মোবাইল ফোন ও ১টি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ, ময়মনসিংহ এক প্রেস নোটের মাধ্যমে উক্ত ঘটনা জানায়।






















