ফের বন্ধ চট্টগ্রাম আনোয়ারা সার কারখানা
গ্যাস সংকটের ধকল ও জরাজীর্ণ যন্ত্রপাতির ত্রুটি
- আপডেট সময় : ১০:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫৬ বার পড়া হয়েছে
দীর্ঘ প্রায় ছয় মাস গ্যাস সংকটের কারণে বন্ধ থাকার পর অবশেষে উৎপাদনে ফিরেছিল চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কিন্তু দেশের কৃষি খাতের জন্য স্বস্তির এই খবর দীর্ঘস্থায়ী হয়নি। উৎপাদনে ফেরার মাত্র দুই দিনের মাথায় কারিগরি ও যান্ত্রিক ত্রুটির কারণে আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে কারখানাটির ইউরিয়া সার উৎপাদন।কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে কারখানার ‘আরসি পাম্পের সিল লিকেজ’ সহ কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন প্রক্রিয়া বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর আগে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় গত ১৫ সেপ্টেম্বর থেকে কারখানাটি ধাপে ধাপে উৎপাদনে ফিরেছিল।
ক্ষয়ক্ষতির বিবরণ ও আর্থিক প্রভাবে সিইউএফএল-এর দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার। বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি মেট্রিক টন সারের দাম ৩৮ হাজার টাকা হিসাব করলে কারখানাটি চালু থাকলে দৈনিক প্রায় ৪ কোটি ১৮ লাখ টাকার সার উৎপাদিত হতো। ফলে দীর্ঘ সময় বন্ধ থাকার পর পুনরায় এই আকস্মিক অচলাবস্থায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রতিষ্ঠানটি।
নেপথ্যের কারণ ও বর্তমান পরিস্থিতি: চলতি বছরের ৪ মার্চ মধ্যপ্রাচ্য সংকটের কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় কারখানাটির উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর গত মাসের শেষের দিকে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হলেও কারখানার যন্ত্রপাতি দীর্ঘদিন অচল থাকায় পাইপলাইনে মরিচা ও লিকসহ নানাবিধ প্রযুক্তিগত জটিলতা দেখা দেয়। কারখানার উপপ্রধান প্রকৌশলী ও ব্যবস্থাপনা পরিচালক জানান, বর্তমানে কারিগরি দল ত্রুটি মেরামতের জন্য কাজ করে যাচ্ছে। এবং আশা করা যাচ্ছে আগামী রবিবার বা সোমবারের মধ্যে পুনরায় সার উৎপাদন শুরু করা সম্ভব হবে।
তবে ইউরিয়া উৎপাদন বন্ধ থাকলেও কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের উৎপাদন আংশিক সচল রয়েছে বলে জানানো হয়েছে। একদিকে গ্যাস সংকটের ধকল, অন্যদিকে জরাজীর্ণ যন্ত্রপাতির কারণে বারবার উৎপাদন ব্যাহত হওয়ায় আসন্ন রবি মৌসুমে অভ্যন্তরীণ সারের চাহিদার ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।






















