সরকারি বাসা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, সময়সীমা ৩১ অক্টোবর
- আপডেট সময় : ১১:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ২০৭১ বার পড়া হয়েছে
সরকারি বরাদ্দ পাওয়া বাসা বা ফ্ল্যাটের সম্পূর্ণ অংশ কিংবা আংশিক অন্যের কাছে ভাড়া বা সাবলেট দেওয়া বন্ধে কঠোর নির্দেশনা জারি করেছে সরকারি আবাসন পরিদপ্তর। ইতোমধ্যে যারা সরকারি বাসা বা ফ্ল্যাট সাবলেট দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরিয়ে নিজ নিজ বরাদ্দ বাসায় বসবাস নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের পরও কোনো সরকারি বাসা বা ফ্ল্যাটে সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বরাদ্দ বাতিলসহ শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে নতুন করে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সরকারি আবাসন পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কিছু বরাদ্দপ্রাপক নিজেদের নামে বরাদ্দ পাওয়া সরকারি বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থি।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন কোনো বাসা বা ফ্ল্যাটের বরাদ্দপ্রাপক পুরো বাসা, আংশিক অংশ কিংবা এক বা একাধিক কক্ষ অন্যের কাছে ভাড়া বা সাবলেট দিতে পারবেন না।
ইতোমধ্যে যারা এ ধরনের অনিয়ম করেছেন, তাদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়াদের সরিয়ে দিতে হবে। একই সঙ্গে বরাদ্দপ্রাপকদের নিজ নিজ বরাদ্দ বাসায় নিয়ম অনুযায়ী বসবাস নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর কোনো সরকারি বাসা বা ফ্ল্যাটে সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বাসার বরাদ্দ বাতিলসহ বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বিধিমালার ১৪(৩) অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবে সরকারি আবাসন পরিদপ্তর।
সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন সব বাসা ও ফ্ল্যাটের বরাদ্দপ্রাপক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

























