রাত থেকে টানা তিন দিন ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে
- আপডেট সময় : ১১:৩০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ২২৫৮ বার পড়া হয়েছে
সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে। এ সময় ইন্টারনেটের গতি কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-মি-উই-৫ (SEA-ME-WE-5)-এর কনসোর্টিয়াম ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে।
এই কার্যক্রম ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চার দিন ধরে প্রতিদিন ৮ ঘণ্টা করে চলবে।
রক্ষণাবেক্ষণ চলাকালে এটি ট্রাফিক-প্রভাবিত হওয়ায় এসএমডব্লিউ-৫ ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরগামী সার্কিটগুলো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি বা আংশিক বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
তবে এ সময়ে বিএসসিপিএলসির অন্যান্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত থাকবে।
সংস্থাটি জানিয়েছে, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে দ্রুত স্বাভাবিক সেবা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

























