দিনাজপুরে ভারতীয় সীমান্তে আটক আট, ১৬ সিম জব্দ
- আপডেট সময় : ০৪:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ২১০৩ বার পড়া হয়েছে
দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সংলগ্ন সীমান্ত এলাকা থেকে ৮ জনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভারত-বাংলাদেশের ১৬টি সিম।
মঙ্গলবার (৭ জানুয়ারি) আটককৃতদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার অচিন্তপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মংলা দেবনাথ (৫২), গণেশ দেবনাথ (৪০), সোহাগ (৩১), বুদা দেবনাথ (৩৫), বিকাশ দেবনাথ (১৬), কামরুজ্জামান হিটলার (৩৫), মমিনুর রহমানকে (৩৫) ও ছইবুর রহমান (৩২)।
বিজিবি জানায়, অবৈধভাবে ভারত পাচারের জন্য অচিন্তপুর সীমান্তে জড়ো করা হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশিকে- এমন খবর পেয়ে অভিযানে নামে বিজিবি। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান টের পেয়ে ছইবুর রহমান সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকে পড়ে। পরে বিএসএফ’র সহায়তার তাকেও আটক করে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন থেকে ভারতে শ্রমিকের কাজ করেন। কিছুদিন আগে বাড়িতে এসেছিলেন। এখন মনিমুর রহমানসহ কয়েকজন পাচারকারীর সহায়তায় তারা অবৈধভাবে ভারত ফিরে যাওয়ার চেষ্টা করছিল। বিজিবি তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, বাংলাদেশি ও ভারতীয় ১৬টি সিমকার্ড, ৪টি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, ১টি ভারতীয় আধার কার্ড ও ১টি ভারতীয় প্যানকার্ড জব্দ করেছে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।






















