চকরিয়ায় বন হাতির আক্রমণে বৃদ্ধ নিহত, আহত ১
- আপডেট সময় : ১২:৩৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ২১০২ বার পড়া হয়েছে
গাজী গোফরান, চট্টগ্রাম:
কক্সবাজারের উত্তর বন বিভাগের চকরিয়ার ফুলছড়ি বিট সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে বন হাতির আক্রমণে আবু ছিদ্দিক (৬৫) নামে এক বৃদ্ধ শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় ইলিয়াস (৪৫) নামে আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে রবিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার নরফাঁড়ি এলাকায়। নিহত আবু ছিদ্দিক ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুম নগর এলাকার মৃত আব্দুল গণির ছেলে। আহত ইলিয়াস একই এলাকার মৃত আবুল হোসনের ছেলে।
ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, প্রতিদিনের মতো বন পরিষ্কারের উদ্দেশ্যে শ্রমিকরা জঙ্গল কাটতে যান। তাদের সঙ্গে ফুলছড়ি বিটের কয়েকজন অস্ত্রধারী ফিল্ড গার্ড (এফজি)ও ছিলেন। কাজ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকরা বাড়ি ফেরার পথে নিহত আবু ছিদ্দিক ও আহত ইলিয়াস সবার আগে হাঁটছিলেন।
নরফাঁড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ সংরক্ষিত বনের ভেতর থেকে উৎপেতে থাকা একটি বন্য হাতি ইলিয়াসের ওপর ঝাঁপিয়ে পড়ে। হাতিটি শুঁড় দিয়ে তাকে আছাড় মেরে গুরুতর আহত করে। এরপর আবু ছিদ্দিককে ধরে আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই ছিদ্দিক মারা যান।
ফজলুল কাদের আরও জানান, পেছন থেকে অস্ত্রধারী এফজিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হাতিটি সরে যায়। পরে নিহত ও আহতকে উদ্ধার করে বাগানের বাইরে আনা হয়।
খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান, খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল, মেদাকচ্ছপিয়ার বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সরকার এবং স্থানীয় হেডম্যান শুক্কুর ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে, সে জন্য বন বিভাগের পক্ষ থেকে স্থানীয় এলাকাবাসীকে বনের ভেতরে চলাফেরায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বন হাতির চলাচল পর্যবেক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বন বিভাগের কাছে নিরাপত্তা জোরদার এবং বন হাতির আক্রমণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।






















