আশুলিয়ায় নবনিযুক্ত ওসি মনিরুল হক ডাবলুকে ঘিরে সমালোচনার ঝড়
- আপডেট সময় : ১১:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / ২০৯৮ বার পড়া হয়েছে
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু-কে ঘিরে যোগদানের দিন থেকেই নানা সমালোচনা শুরু হয়েছে। তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং বাংলাদেশ ছাত্রলীগের লিয়াকত বাবু কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে ভূমিকা নিয়ে আশুলিয়াবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত ২০২২ সালে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর দেওয়া একটি প্রত্যয়ন পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে মনিরুল হক ডাবলুকে “বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক” হিসেবে উল্লেখ করেছেন । এটি প্রকাশের পর থেকেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, একজন রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিকে কেন আশুলিয়ার মতো গুরুত্বপূর্ণ থানা পরিচালনার দায়িত্ব দেওয়া হলো।
এ বিষয়ে পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তার বিরোধিতা করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “ওসি মনিরুল হক ডাবলুকে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এদিকে,সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ মনে করছেন, তার রাজনৈতিক অতীতের কারণে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।
অবস্থা বিবেচনায় আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট মহল। মনিরুল হক ডাবলুর কার্যক্রম কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়।






















