আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- আপডেট সময় : ০৯:২৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / ২০৯২ বার পড়া হয়েছে
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আশুলিয়ার পাবনারটেক রূপায়ন মাঠ সংলগ্ন মো. শরিফের মালিকানাধীন ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, পবনারটেক এলাকার একটি টিনশেডের ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ও পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, দুপুর ১টা ৩০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গোডাউনে ঝুট থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণ করে উশৃংখল বেশ কয়েকজন ব্যক্তি। এ সময় সাংবাদিকদের ছবি ও ভিডিও নিতে বাধা প্রদান করেন তারা।






















