বিশ্ব পর্যটন দিবসে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৭:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৭০ বার পড়া হয়েছে
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। পরে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র্যালি শেষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। সভায় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ পর্যটনসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ময়মনসিংহের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। শুধু মন্ত্রণালয়ের উদ্যোগে কোনো পর্যটনকেন্দ্র গড়ে তোলা সম্ভব নয়। স্থানীয় প্রশাসন ও বেসরকারি উদ্যোগের সমন্বিত প্রচেষ্টা পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, ময়মনসিংহের বিভিন্ন উপজেলার পর্যটন সম্ভাবনা নিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। হালুয়াঘাট, নান্দাইল, ধোবাউড়া ও ত্রিশালসহ বিভিন্ন উপজেলা থেকে পাওয়া তথ্য সমন্বয় করে জেলার পর্যটন সম্ভাবনা ও তা বাস্তবায়নে করণীয় নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
জেলা প্রশাসক বলেন, ময়মনসিংহের পর্যটনের অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র নদীভিত্তিক পর্যটন। তবে দেশের অন্যান্য এলাকার পর্যটন মডেল সরাসরি ময়মনসিংহে প্রয়োগ না করে স্থানীয় ভৌগোলিক ও পারিপার্শ্বিক বাস্তবতা বিবেচনায় নিতে হবে। ব্রহ্মপুত্র নদের চরগুলোকে কেন্দ্র করে পিকনিক, বিনোদন ও সাংস্কৃতিক আয়োজনের সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ময়মনসিংহের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। পর্যটনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য গড়ে উঠলে বেসরকারি খাতও পর্যটন অবকাঠামো, নিরাপত্তা ও আনুষঙ্গিক সুবিধা উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
মো. সাইফুর রহমান বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয়ভাবে কী কী করা সম্ভব, সেসব বিষয় চিহ্নিত করে ময়মনসিংহের জন্য উপযোগী পর্যটন পরিকল্পনা গ্রহণ করতে হবে।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






















