শ্যামনগরে
গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৬৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক মৌসুমি ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৃত্যুঞ্জয় বাছাড় পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের চিত্তরঞ্জন বাছাড়ের ছেলে। তিনি মৌসুমি ফল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মৃত্যুঞ্জয় বাছাড় তাঁর এক সহযোগীকে সঙ্গে নিয়ে বেল পাড়তে বুড়িগোয়ালিনী এলাকার একটি বাগানে যান। সেখানে বেলা ১২টার দিকে একটি গাছে উঠে বেল পাড়ার সময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি।
এ সময় বাগানের পাশেই কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃত্যুঞ্জয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকা শ্রমিক শোকর আলী বলেন, সকালে তাঁরা দুজন বেল পাড়তে ওই বাগানে যান। মৃত্যুঞ্জয় একটি গাছে এবং তিনি অন্য একটি গাছে উঠে বেল পাড়ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ মৃত্যুঞ্জয়ের পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে তিনি দ্রুত নিচে নেমে সেখানে ছুটে যান। গিয়ে দেখেন, মৃত্যুঞ্জয় মাটিতে পড়ে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।























