র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠেছেন মোস্তাফিজুর রহমান, আর তালিকায় বড় লাফ দিয়েছেন ইমন।
- আপডেট সময় : ০৫:৫৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২১০০ বার পড়া হয়েছে
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন মোস্তাফিজুর রহমান। আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন সেরা আটে। তার সঙ্গে আরও উন্নতি করেছেন কয়েকজন বাংলাদেশি বোলার। ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন পারভেজ হোসেন ইমন।
বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে দেখা যায়—২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়দের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
মোস্তাফিজ সিরিজের শেষ ম্যাচে ১১ রান দিয়ে নেন ৩ উইকেট, যা তাকে নতুন অবস্থানে পৌঁছে দিয়েছে। যদিও সিরিজের প্রথম দুই ম্যাচে তিনি ছিলেন উইকেটশূন্য।
বোলারদের তালিকায় ৩ ধাপ এগিয়ে ১৪ নম্বরে রয়েছেন শেখ মেহেদী হাসান, যিনি দুই ম্যাচে ৪ উইকেট শিকার করেছিলেন। নাসুম আহমেদ ৫ ধাপ উঠে ২৫ নম্বরে জায়গা পেয়েছেন, যদিও সিরিজে তার উইকেটের দেখা মেলেনি।
রিশাদ হোসেন সমান ৫ ধাপ উঠে এখন ১৯তম স্থানে; দুই ম্যাচে তিনি নিয়েছেন ৪ উইকেট। তানজিম হাসান সাকিব ২ ধাপ এগিয়ে আছেন ৫০তম স্থানে, সিরিজে তার শিকার ৩ উইকেট।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৯তম স্থানে নেমে গেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। শেষ ম্যাচে ৫৫* রানের ইনিংস খেললেও প্রথম দুই ম্যাচের ব্যর্থতা তার র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে।
অন্যদিকে, তার ওপেনিং সঙ্গী পারভেজ হোসেন ইমন বড় অগ্রগতি অর্জন করেছেন—২১ ধাপ এগিয়ে এখন তিনি ৩৮ নম্বরে। প্রথম ম্যাচে মাত্র ১ রান করলেও পরের দুই ম্যাচে তিনি করেছিলেন ৪৩ ও অপরাজিত ৩৩ রান।
৯ ধাপ পিছিয়ে সাইফ হাসান রয়েছেন ৩৯তম স্থানে; তিন ম্যাচেই তিনি ছিলেন অনুজ্জ্বল। ৫ ধাপ উন্নতি করে তাওহীদ হৃদয় এখন ৪২তম স্থানে—প্রথম ম্যাচে তার ৮৩* রানের ইনিংস ছিল সিরিজের সেরা পারফরম্যান্সগুলোর একটি। শেষ ম্যাচে তাকে ব্যাটিং করতে হয়নি। ৩ ধাপ পিছিয়ে জাকের আলী অনিক আছেন ৬৮তম স্থানে।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ভারতের অভিষেক শর্মা এবং বোলারদের তালিকায় বরুণ চক্রবর্তী শীর্ষস্থান ধরে রেখেছেন




























