সারাদেশ
সাভারে ওয়াইএমসিএ যুব ফুটবল টুর্নামেন্টে কমলাপুর যুব সমিতির সহজ জয়
- আপডেট সময় : ১২:৩৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৫৪ বার পড়া হয়েছে
সাভার ইয়ং মেল্স খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ওয়াই এম সি এ যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় সাভার সেন্ট জোসেফ ফুটবল মাঠে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচের খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় কমলাপুর যুব সমিতি ও রিঙ্কু ফুটবল একাডেমি মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে চমৎকার নৈপুণ্য দেখিয়ে রিঙ্কু ফুটবল একাডেমিকে ৩-০ গোলে পরাজিত করে দারুণ জয় তুলে নেয় কমলাপুর যুব সমিতি।
অনুষ্ঠানে মি. শেখর গিলবার্ট পিউরীফিকেশনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে ৭ নং বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাজী মোঃ আমির শিরালী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতি ঢাকা উত্তরের মহিলা বিষয়ক সম্পাদক ও আসন্ন পৌর নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী এডভোকেট তানজিলা আফরিন, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মোঃ মেহেদী হাসান মাসুম এবং ভিষণ গার্মেন্টের জিএম মোঃ শহীদুর রহমানসহ এলাকার অসংখ্য ক্রীড়ামোদী দর্শক ও ব্যক্তিবর্গ।
খেলা শেষে অতিথিগণ বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সুসংগঠিত রাখার আহ্বান জানান।






















