ব্রাজিলিয়ান ক্লাবের বিপক্ষে হার—তবু নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ রেড গ্রিন
- আপডেট সময় : ১২:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২১২৮ বার পড়া হয়েছে
হার দিয়ে লাতিন বাংলা সুপার কাপ শুরু করেছে বাংলাদেশ রেড গ্রিন ফিউচার স্টার। ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে দলটি। তবে ম্যাচ হারলেও দলীয় পারফরম্যান্সে সন্তুষ্ট প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেওয়াজ। পরবর্তী ম্যাচে জয়ের প্রত্যাশায় রয়েছে বাংলাদেশ।
ব্রাজিলের বিপক্ষে হার হয়তো হতাশাজনক, কিন্তু আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের বিপক্ষে ম্যাচে ইতিবাচক ফল আশা করছে রেড গ্রিন শিবির।
প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে লাতিন আমেরিকার ক্লাবকে পেয়ে সমর্থকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ব্রাজিল-আর্জেন্টিনার ক্লাব অংশ নেওয়ায় অ্যামেচার লেভেলের এই টুর্নামেন্টও পেয়েছে বাড়তি গুরুত্ব।
অনূর্ধ্ব-১৭ দলের কয়েকজন ফুটবলার ও প্রবাসী খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে বাংলাদেশ রেড গ্রিন ফিউচার স্টার দল। জুন মাসের ট্রায়ালে নজর কাড়া বিতশোক চাকমা ও ক্যাসফার হকের মতো ফুটবলাররা খেলেছেন এ ম্যাচে। মাঠে পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়, যদিও কাঙ্ক্ষিত ফল আসেনি।
শুক্রবারের (৫ ডিসেম্বর) ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় সাও বার্নার্দো। আক্রমণের ধারায় চাপে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। ২৭ মিনিটে প্রথম গোলের পর মাত্র তিন মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ায় ব্রাজিলিয়ানরা। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই স্পট কিক থেকে আরও একটি গোল করে ম্যাচ প্রায় নিশ্চিত করে সাও বার্নার্দো। ৬৫ মিনিটে চতুর্থ গোল করে বড় জয়ের ইঙ্গিত দেয় তারা। শেষ দিকে চেষ্টা চালালেও অভিজ্ঞ প্রতিপক্ষের সামনে গোলের সুযোগ তৈরি করতে পারেনি রেড গ্রিন ফিউচার স্টারের ফুটবলরা।
ম্যাচ শেষে সন্তুষ্টির সুর শোনালেন প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেওয়াজ। তিনি বলেন, “ভালো অভিজ্ঞতা হয়েছে। ম্যাচটা উপভোগ করেছি। দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। প্রথমবার আমরা একসঙ্গে খেলছি—সমন্বয় আরও ভালো হবে। সামনে আমরা আরও ভালো কিছু করতে চাই।”
ব্রাজিলের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোনের বিপক্ষে মাঠে নামবে জয়ের লক্ষ্য নিয়ে।




























