আইসিসি ভারতের বিরুদ্ধে শাস্তি ঘোষণা
- আপডেট সময় : ০৫:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ২০৯২ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারত। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর দলটি পেল নতুন দুঃসংবাদ। রায়পুরে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত ম্যাচে ‘স্লো ওভার রেট’-এর দায়ে ভারতীয় দলকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির জানায়, নির্ধারিত সময়ে দুই ওভার কম বল করার কারণে ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা গুনতে হবে। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী এই শাস্তি প্রদান করেন। এ অনুচ্ছেদ ন্যূনতম ওভার রেট লঙ্ঘনের নিয়ম নির্ধারণ করে।
নিয়ম অনুসারে, প্রতিটি কম ওভারের জন্য ম্যাচ ফি’র ৫ শতাংশ করে জরিমানা ধার্য হয়। ফলে দুই ওভার কম করায় ভারতের জরিমানার পরিমাণ দাঁড়ায় ১০ শতাংশে। ম্যাচে অনিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা লোকেশ রাহুল অভিযোগ স্বীকার করায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচে ভারতের হয়ে বিরাট কোহলি (১০২) ও রুতুরাজ গায়কোয়াড় (১০৫) সেঞ্চুরি করলেও দলটি জয়ের দেখা পায়নি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম ৯৮ বলে ১১০ রানের দারুণ ইনিংস খেলে দলকে চার উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেন।




























