হাদিকে গুলির ঘটনায় আরও দুইজন গ্রেফতার
- আপডেট সময় : ০৩:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ২১০৫ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেন। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ডিএমপি কমিশনার জানান, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। এর আগে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছিল। হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় শ্রমিক।
র্যাব জানিয়েছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল নম্বর ৫৪-৬৩৭৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান মোটরসাইকেলের মালিক বলে স্বীকার করেছেন। হামলায় তার সম্পৃক্ততার আশঙ্কায় তাকে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গত শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। এই ঘটনায় দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলছে।






















