প্রাথমিকের ‘মেধা যাচাই পরীক্ষা’ স্থগিতের নির্দেশ হাইকোর্টের
- আপডেট সময় : ০১:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ২১০০ বার পড়া হয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘মেধা যাচাই পরীক্ষা’র ওপর এক মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৪ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।
আদালত সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর দেওয়া এক রুলে হাইকোর্ট ২০০৮ সালের বিধিমালা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদেরও বৃত্তি বা মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে প্রাথমিক শিক্ষা অধিদফতর পরীক্ষার নাম ‘বৃত্তি পরীক্ষা’ পরিবর্তন করে ‘মেধা যাচাই পরীক্ষা’ রেখে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সময়সূচি ঘোষণা করে। রিটকারী আইনজীবীরা এটিকে আদালতের আদেশের সঙ্গে ‘চতুরতা’ ও ‘বৈষম্যমূলক’ বলে উল্লেখ করেন।
রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ গণমাধ্যমকে বলেন, আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বেসরকারি স্কুলের লাখো শিক্ষার্থীকে এই প্রতিযোগিতা থেকে বঞ্চিত করা হয়েছে, যা আইনের পরিপন্থি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আদালত এক মাসের জন্য পরীক্ষার কার্যক্রম স্থগিত করেছেন।
এর আগে প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছিল, ওএমআর পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে মেধা যাচাই পরীক্ষা নেওয়া হবে এবং প্রতিটি পরীক্ষার্থীর জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।



























