১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা
- আপডেট সময় : ০১:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ২১৩৩ বার পড়া হয়েছে
পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ডিআইটিএফ-২০২৬ আয়োজন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান এবং ইপিবির মহাপরিচালক বেবি রাণী কর্মকার।
বাণিজ্য সচিব জানান, এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন অনলাইনের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় ই-টিকিটিং ব্যবস্থা চালু থাকছে। অন-স্পট টিকিটের পাশাপাশি অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যান করে প্রবেশ করা যাবে।
তিনি আরও জানান, দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিস যুক্ত করা হচ্ছে।




























