ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন বাণিজ্যে প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা
- আপডেট সময় : ০১:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ২১২৪ বার পড়া হয়েছে
ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থনীতি ও বাণিজ্যে পড়বে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে, তা দুঃখজনক। তবে এ ধরনের ঘটনার সূচনা বাংলাদেশের পক্ষ থেকে হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক অস্থিরতা থাকলেও তা অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলবে না।
দুই দেশের মধ্যে সম্পর্ক অবনতি হোক—এমনটি সরকার চায় না উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আলোচনার মাধ্যমেই যেকোনো বিরোধের সমাধান হওয়া উচিত। রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলেই তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথকীকরণ প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বাস্তবায়ন করা হবে।




























