ভোট শুধু অধিকার নয়, এটি নাগরিক দায়িত্বও: রিজওয়ানা
- আপডেট সময় : ০৪:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ২১০২ বার পড়া হয়েছে
তথ্য, সম্প্রচার, পরিবেশ ও বন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভোট কেবল নাগরিকের অধিকার নয়, এটি তাদের দায়িত্বও।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০:৩০টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “ভোট দেওয়া শুধু নিজের অধিকার হিসেবে দেখার বিষয় নয়। নেতা নির্বাচন করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দেশ পরিচালনার দিকগুলোও বুঝে-শুনে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।”
উপদেষ্টা আরও বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। প্রশাসন জনগণের প্রতি জবাবদিহি করবে এবং একক কোনো দল সব সিদ্ধান্ত নিতে পারবে না। বিরোধীদলও নির্বাচনী প্রক্রিয়ায় নির্দিষ্ট ভূমিকা রাখবে।”
তিনি আশ্বাস দেন, গণভোটের মাধ্যমে আইন শৃঙ্খলা নিশ্চিত হবে। “এরপর আর কোনো নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মতো অবস্থা থাকবে না, তাই ভোট চুরি বা নির্বাচন প্রভাবিত করার সুযোগ থাকবে না।”
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অম্বিকা ময়দানে শেষ হয়। পরে অম্বিকা মেমোরিয়াল হলে স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষার্থী ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, পুলিশ সুপার নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


























