ভারতে ম্যাচ না খেললে বাংলাদেশের বদলে বিকল্প দল নেবে আইসিসি: বোর্ডসভায় সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৭:১৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে গিয়ে ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অনিচ্ছার বিষয়টি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (২১ জানুয়ারি) আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশকে এক দিনের সময় দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে।
এর আগে নিরাপত্তাজনিত কারণে ভারতে দল পাঠাতে না পারার সিদ্ধান্ত জানিয়ে আইসিসির কাছে চিঠি দেয় বিসিবি। এ নিয়ে আজকের বোর্ড সভায় বিস্তারিত আলোচনা ও ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে বাংলাদেশের জায়গায় বিকল্প দল অন্তর্ভুক্ত করার প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সমর্থন পায়। তবে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো।
আইসিসির এই বোর্ড সভায় উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নাকভি, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়াসহ পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। সভায় আইসিসির পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার অংশ নেন।
বোর্ড সভায় আইসিসি স্পষ্টভাবে জানিয়েছে, বিষয়টি এখন কেবল বিসিবির সিদ্ধান্তে সীমাবদ্ধ নয়; এটি সরকারের পর্যায়েও অবহিত করতে হবে। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ যদি ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য একটি দল অন্তর্ভুক্ত করা হবে।
ভোটাভুটির মাধ্যমে নেওয়া এই সিদ্ধান্তে বোর্ডের অধিকাংশ সদস্যই বিকল্প দল রাখার পক্ষে মত দেন। তবে শেষবারের মতো বাংলাদেশকে আরও একদিন সময় দিয়েছে আইসিসি।
বাংলাদেশ যদি নিজেদের অবস্থানে অনড় থাকে এবং ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। যদিও স্কটল্যান্ড বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি। ইউরোপিয়ান বাছাইপর্বে তারা নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে বাদ পড়ে। তবুও আইসিসির কাঠামো অনুযায়ী স্কটল্যান্ডই সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে ভেন্যু পরিবর্তনের বিষয়ে বিসিবি একাধিকবার আইসিসির সঙ্গে আলোচনা করলেও বাংলাদেশ তাদের অবস্থানে অনড় ছিল। অন্যদিকে আইসিসি সূচি পরিবর্তনে রাজি হয়নি। বোর্ড সভায় সংস্থাটি এ বিষয়ে তাদের চূড়ান্ত অবস্থান জানিয়ে দিয়েছে। এখন এক দিনের সময়সীমার মধ্যে বাংলাদেশের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।




























