নির্বাচনে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
- আপডেট সময় : ০১:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এমনটাই জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে অবস্থিত বেইজ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কর্নেল এস এম আবুল এহসান জানান, নির্বাচনের সময় কোনো মহল যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে ১৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তিনি বলেন, “নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত সংযতভাবে বল প্রয়োগ করা হবে।”
তিনি আরও জানান, এই প্রথমবারের মতো বিজিবি তল্লাশি কার্যক্রমে বিশেষ ডগ স্কোয়াড ব্যবহার করবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড কুইক রিঅ্যাকশন ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে।
নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবির সদস্যরা বডি অন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরাসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবেন বলেও জানান তিনি।


























