হজযাত্রীদের ভিসা আবেদনের সময়সূচি ঘোষণা
- আপডেট সময় : ০৩:০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২১৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমের নিবন্ধিত হজযাত্রীরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবের নুসুক মাসার সিস্টেমের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ২০ মার্চ পর্যন্ত।
ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের হজে অংশগ্রহণের জন্য সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চলছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের নির্ধারিত টিকা গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ করা বাধ্যতামূলক। এই সনদ ছাড়া কেউ হজে যেতে পারবেন না।
প্রবাসী বাংলাদেশি হজযাত্রীসহ সকল নিবন্ধিত হজযাত্রীকে ২০ মার্চের মধ্যে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপরই তারা নুসুক মাসার সিস্টেমের মাধ্যমে হজ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এই নির্দেশনা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর জারি করা হয়েছে।



























