প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে সেই ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীর স্থানান্তর করা হয়েছে
- আপডেট সময় : ০৪:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ২১০১ বার পড়া হয়েছে
দায়িত্বে অবহেলার কারণে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অর্ডারে বলা হয়েছে, সরকারের ভূমি প্রতিমন্ত্রী ৪ মার্চ সকাল ৯টায় আকস্মিকভাবে অফিস পরিদর্শন করলে কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত ছিলেন না। এ অবহেলার কারণে প্রশাসনিক পদক্ষেপ হিসেবে তাদের অন্যত্র বদলি করা হয়েছে। এছাড়া, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা প্রশাসকের নির্দেশনায় বলা হয়েছে:
-
সব কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে অফিসে উপস্থিত থাকতে হবে।
-
সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে।
-
সেবাগ্রহণকারী নাগরিকদের জন্য সেবা মান উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
-
ভূমি সেবার ফি সম্বলিত বিলবোর্ড অফিসের সামনে প্রদর্শন করতে হবে।
-
কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারবে না।
-
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শন ও নিয়মিত মনিটরিং করবেন।
-
দুর্নীতিতে জড়িত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অপরাধের পুনরাবৃত্তি রোধে ভবিষ্যতে কোনো কর্মকর্তা-কর্মচারী ভূমিসেবা বা সরকারি বিধি-বিধান লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।






















