২৬৫৪ কোটি টাকায় যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া থেকে তিন কার্গো এলএনজি আমদানি হচ্ছে
- আপডেট সময় : ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ২০৯৯ বার পড়া হয়েছে
সরকার যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া থেকে মোট তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬৫৪ কোটি ৫৪ লাখ টাকার বেশি।
বুধবার (১১ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে এই তিন কার্গো এলএনজি আমদানি করা হবে।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুযায়ী যুক্তরাজ্যের মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানি করা হবে। ২০২৬ সালের ৫-৬ এপ্রিল সরবরাহের জন্য নির্ধারিত এ কার্গো আমদানিতে ব্যয় হবে ৯০৭ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৩০৪ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ২১ দশমিক ৫৮ মার্কিন ডলার।
এ ছাড়া একই বিধান অনুসরণ করে দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ৯-১০ এপ্রিল সরবরাহযোগ্য ষষ্ঠ কার্গো আমদানিতে ব্যয় হবে ৮৭৩ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ৪৮৮ টাকা এবং প্রতি এমএমবিটিইউ দাম পড়বে ২০ দশমিক ৭৬ মার্কিন ডলার।
একই কোম্পানি থেকে ১২-১৩ এপ্রিল সরবরাহযোগ্য সপ্তম কার্গো এলএনজি আমদানিতেও একই পরিমাণ ব্যয় হবে ৮৭৩ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ৪৮৮ টাকা এবং প্রতি এমএমবিটিইউ দাম নির্ধারণ করা হয়েছে ২০ দশমিক ৭৬ মার্কিন ডলার।
সভায় এলএনজি আমদানির পাশাপাশি পাম অয়েল ও রাইস ব্রান তেল আমদানির প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।




























