ফেনীতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত ৩০
- আপডেট সময় : ০৮:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / ২১০০ বার পড়া হয়েছে
ফেনীতে একটি বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কালিদহ সিলোনীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
আহতদের মধ্যে দুইজন ফেনী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা এ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহণের একটি যাত্রীবাহী বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। দুপুরে সিলোনিয়া এলাকায় পৌঁছলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট কাজল কান্তি নাথ জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে।






















