এসএসসি পরীক্ষা উপলক্ষে মাউশির ১১টি জরুরি নির্দেশনা
- আপডেট সময় : ০৬:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ২০৮২ বার পড়া হয়েছে
আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের প্রতি ১১ দফা বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার।
রোববার (২৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ নির্দেশনা জারি করে। এর আগে ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলো সচল রাখা নিশ্চিত করতে হবে। ধারণকৃত ভিডিও সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে। নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিচে ১১ দফা নির্দেশনা তুলে ধরা হলো—
(১) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ গ্রহণের লক্ষ্যে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে;
(২) যে সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল/অকেজো অবস্থায় রয়েছে, সেখানে পরীক্ষা শুরুর আগেই সচল করার ব্যবস্থা নিতে হবে;
(৩) সিসিটিভি ক্যামেরায় ধারণ করা সব ভিডিও যথাযথভাবে সংরক্ষণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে;
(৪) পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাটাওয়ালা) টাঙাতে করতে হবে;
(৫) স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে;
(৬) কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না;
(৭) পরীক্ষার্থীরা যেন কোনোভাবেই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে;
(৮) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে;
(৯) প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে;
(১০) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে;
(১১) সর্বোপরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপরোল্লিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে।



























