দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ২০৮৮ বার পড়া হয়েছে
দেশের সব কোচিং সেন্টার বন্ধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেছেন, কোচিং সেন্টার এবং অনিয়ন্ত্রিতভাবে গড়ে ওঠা কিন্ডারগার্টেনগুলোকে নিবন্ধনের আওতায় এনে কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এর আগে জেলা শিল্পকলা অ্যাকাডেমির অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে আর কোচিং সেন্টারের নামে বাণিজ্য চলতে দেওয়া হবে না। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে। শিক্ষকরা নিয়মিত ক্লাস নিচ্ছেন কি না, তা নজরদারির আওতায় আনা হবে।
পরীক্ষা চলাকালে নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো কেন্দ্রে নকল ধরা পড়লে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে আইনের আওতায় আনা হবে। এমনকি প্রতিষ্ঠানের যেকোনো স্থানে নকলের প্রমাণ মিললেও দায়ভার প্রতিষ্ঠান প্রধানকেই নিতে হবে।
তিনি আরও বলেন, কেন্দ্রের বাইরে থেকে নকলের সহযোগিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম, ডেপুটি কন্ট্রোলার মো. কবির আহমদ, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মো. রেজা হাসান ও পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।



























