দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক তথ্য দিলেন অর্থমন্ত্রী
- আপডেট সময় : ১২:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ২১০৪ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি সংকট তীব্র হওয়ায় বিশ্বব্যাপী পরিবহন খাত বড় ধরনের চাপের মুখে পড়েছে। এর প্রভাবে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ভবিষ্যতে পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি পর্যালোচনায় সরকারের অনুরোধে জাতিসংঘের ওএইচআরএলএলএস ও আবাসিক সমন্বয়কের কার্যালয়ের সহযোগিতায় এই ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসাল্টেশনের আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর প্রভাব শুধু জ্বালানিতেই সীমাবদ্ধ নয়; খাদ্যপণ্যসহ সব ধরনের পণ্য এবং সামগ্রিক সরবরাহ ব্যবস্থার ওপর পড়ছে। ফলে সামনের দিনে দ্রব্যমূল্য বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, এটি কোনো একক দেশের সমস্যা নয়, বরং বৈশ্বিক প্রেক্ষাপটেই এই সংকট তৈরি হয়েছে। উদাহরণ হিসেবে তিনি জানান, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং শ্রীলঙ্কায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে এখনো দাম সমন্বয় করা হয়নি, তবে কতদিন তা ধরে রাখা সম্ভব হবে, তা অনিশ্চিত।
সরকার জনগণের ওপর চাপ কম রাখতে কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে এই চাপ বহন করা কঠিন হয়ে উঠতে পারে। সরকারি তহবিলের ওপর অতিরিক্ত চাপ অব্যাহত থাকলে এর প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়বে। তাই বাস্তবতা বিবেচনায় নিয়েই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।
এলডিসি থেকে উত্তরণের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব সম্পন্ন করা গেলে দেশ উত্তরণের জন্য প্রস্তুত হবে এবং তখন বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থাপন করা হবে। তবে এখনো সে পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানান তিনি।




























