অনলাইন-অফলাইন ক্লাস চালু প্রসঙ্গে মন্ত্রীর মন্তব্য
- আপডেট সময় : ০২:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ে পাঠদান চালুর বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ লক্ষ্যে আগামী দুই-এক দিনের মধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে রোববার (৫ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন কারণে প্রায় ৪০ দিনের ছুটির পর গত ২৯ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকট দেখা দেওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশ এতে প্রভাবিত হয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানির ব্যবহার কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সপ্তাহে এক দিন অনলাইন ক্লাস চালুর একটি প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হলেও এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে নির্দেশনা দেবে। প্রয়োজনীয় আলোচনা শেষে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এ নির্দেশনা জারি করা হবে।



























