সংসদে অন্তর্বর্তী সরকারের পাঁচটি অধ্যাদেশ বিল আকারে পাস করা হয়েছে
- আপডেট সময় : ০৩:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ২০৮৩ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিন, বুধবার (৮ এপ্রিল) সকালে কণ্ঠভোটে অন্তর্বর্তী সরকারের ৫টি অধ্যাদেশ ও বিভিন্ন বিল পাস হয়েছে।
বিলগুলোর মধ্যে কোনো বিশেষ কমিটির প্রস্তাব না থাকায় সরাসরি পাস করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী বিলগুলো সংসদে উত্থাপন করেন।
পাস হওয়া বিলগুলো হলো:
- সরকারি হিসাব নিরীক্ষা আইন, ২০২৬
- প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অব ফিশ (সংশোধন) অ্যাক্ট, ২০২৬
- শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর (সংশোধন) আইন, ২০২৬ (বিল থেকে শেখ হাসিনার নাম বিলুপ্ত করার প্রস্তাব রাখা হয়েছিল)
- পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাষণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬
- সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬
বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন-২০২৬’ বিলটি সম্পর্কে বলেন, “বিলটি মাত্র কয়েক মিনিট আগে পেয়েছি। দেখার সময় পাইনি। সময় পেলে আলোচনা করা যেত।”
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, “বিলের এই পর্যায়ে আপত্তি করার সুযোগ নেই। যদি আগে প্রস্তাব দিতেন, তখন আলোচনা করা যেত।”
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিরোধী দল ও এনসিপি সহ বিভিন্ন দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে জনমত সৃষ্টি হয়েছিল। সেই ভিত্তিতে সন্ত্রাস বিরোধী আইন কার্যকর করা হয়েছে। আইসিটি আইনও সংশোধন করা হয়েছে। আলোচনা করতে হলে সংশোধনী পর্যায়ে বা ফার্স্ট লিডিং শেষে তা করা যেত।”
শেষে স্পিকারের নির্দেশে বিলটি কণ্ঠভোটে পাস হয়।


























