সাভারে প্রকাশ্যে ইয়াবা সেবনের দায়ে ৯ যুবকের কারাদণ্ড
- আপডেট সময় : ০৭:০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ২১২৬ বার পড়া হয়েছে
ঢাকার সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে ইয়াবা সেবনের অভিযোগে নয়জন যুবককে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে তাদের বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাদের অপরাধ স্বীকারের ভিত্তিতে কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছয়জনকে ৬ মাস করে এবং তিনজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত যুবকেরা হলেন— শাহাদাত হোসেন সায়েম, সজল হোসেন মুন্না, ফজলে রাব্বি, মাসুদ হোসাইন, মিজান আহমেদ জয়, রাসেল মোল্লা, মেহেদী হাসান মুন্না, সালমান ও নয়ন।
পুলিশ সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত যুবকরা দীর্ঘদিন ধরে জনসম্মুখে মাদক সেবন ও কেনাবেচার সাথে যুক্ত ছিলেন। ঘটনার দিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রকাশ্যে ইয়াবা সেবনরত অবস্থায় তাদের আটক করে থানায় নেওয়া হয়। আদালত রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেলা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

























