‘জাহাঙ্গীরনগর ব্লকেড’কর্মসূচি শিক্ষার্থীদের
- আপডেট সময় : ১২:২৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ২০৯৬ বার পড়া হয়েছে
ক্যাম্পাসের অভ্যন্তরে অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আফসানা করিমের (রাচি) মৃত্যুর ঘটনায় ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। এরপর থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে সকল প্রকার মোটরচালিত যানবাহন প্রবেশ বন্ধ রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করে
আইনি ব্যবস্থা গ্রহণসহ ১১ দফা দাবি দিয়েছেন বিভাগের সহপাঠীরা। এদিকে বুধবার সকাল থেকে এক দিনের শোক দিবস ঘোষণা করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। এদিন বিশ^বিদ্যালয়ের পতাকা অর্ধনমিতসহ ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিশ^বিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে একটি দ্রুতগামী অটোরিকশা পেছন থেকে আঘাত করলে গুরুতর আহত হন আফসানা করিম। সন্ধ্যা সাড়ে ৭টায় এনাম মেডিক্যালে দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিব আল মাহমুদ তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) আব্দুর রহমান বাবুলকে সাময়িক বরখাস্ত করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। তার স্থলে পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার আবুল কাশেমকে সাময়িকভাবে এস্টেট অফিসের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার সময় দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা মো. রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার মো. আবদুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, এরই মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে রিকশা চালককে শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। অবিলম্বে ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে।



























