সারাদেশ
কোইকা’র সহায়তায় হার্ট টু হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু সেবা পেল ১,২০০ পোশাক শ্রমিক
- আপডেট সময় : ০৮:৫০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ২২০০ বার পড়া হয়েছে
বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উপলক্ষে সাভারের ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড)-এ কর্মরত পোশাক শ্রমিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু সেবা প্রদান করেছে হার্ট টু হার্ট ফাউন্ডেশন।
কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (কোইকা)-র সহায়তায় আয়োজিত এই বিশেষ স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিতে মোট ১,২০০ জন শ্রমিক সেবা গ্রহণ করেন।
কর্মসূচির উদ্দেশ্য ছিল তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রচার এবং চোখের যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন কর্তৃপক্ষ (বেপজা)-এর নির্বাহী পরিচালক জনাব মো. শরীফুল ইসলাম।
তিনি হার্ট টু হার্ট ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন,“এটি একটি চমৎকার উদ্যোগ, যা কর্মস্থলেই শ্রমিকদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও সচেতনতা বৃদ্ধি গুরুতর স্বাস্থ্য জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিনামূল্যে চোখের পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ, ওষুধ প্রদান এবং প্রয়োজনে রেফারেল সেবা দেওয়া হয়।
এছাড়াও উপযুক্ত রোগীদের বিনামূল্যে চশমা সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে।
ফাউন্ডেশনের চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকদের একটি দক্ষ দল আধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করে সারাদিনব্যাপী পরীক্ষা ও পরামর্শ কার্যক্রম পরিচালনা করেন।
এই উদ্যোগটি কোইকা-র সহায়তায় হার্ট টু হার্ট ফাউন্ডেশনের চলমান এক প্রকল্পের অংশ, যার লক্ষ্য
বাংলাদেশের নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য চক্ষু স্বাস্থ্যসেবা এবং অসংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম দেশের বিভিন্ন শিল্পাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।






















