প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদের শর্ত ভঙ্গ করেছেন: সালাহউদ্দিন আহমদ
- আপডেট সময় : ০৪:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ২২১৭ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজেই তাঁর সই করা ‘জুলাই জাতীয় সনদ’ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছিলেন, তাঁর সাম্প্রতিক ভাষণে সেই সনদের মূল চেতনা তিনি নিজেই ভঙ্গ করেছেন।”
অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি তুলে ধরে জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। পাশাপাশি সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট—যেখানে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে বলেও তিনি জানান।
এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “উচ্চকক্ষ গঠনের প্রস্তাবটি জাতীয় ঐকমত্য কমিশনে ‘নোট অব ডিসেন্ট’-এর মাধ্যমে আগেই নিষ্পত্তি হয়েছিল। এখন এটি নতুন করে আরোপ করার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে যে নতুন কাঠামোর কথা বলা হয়েছে, তা ঐকমত্য কমিশনের আলোচনায় ছিল না—এটি সম্পূর্ণ নতুন ধারণা।
সালাহউদ্দিন আহমদ জানান, প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এ বিষয়ে আলোচনা করতে রাতে স্থায়ী কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে।




























