গাজীপুরে বাসা থেকে গলাকাটা অবস্থায় নারীর লাশ উদ্ধার, আহত স্বামী হাসপাতালে
- আপডেট সময় : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ২১৩৪ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি বাসা থেকে গলাকাটা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই বাসা থেকে গুরুতর জখম অবস্থায় তাঁর স্বামীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার গভর রাতে নওয়াব আলী মার্কেট এলাকার একটি পাঁচতলার ফ্ল্যাটে। আজ শনিবার সকালে দম্পতির ১৬ বছর বয়সী মেয়েকে হেফাজতে নেয় পুলিশ।
নিহত রহিমা বেগম (৩৮) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাসিন্দা। তাঁর স্বামী ইমরান হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের। পরিবারটি কোনাবাড়ীর ওই ভবনে ভাড়া থাকতেন। ইমরান স্থানীয়ভাবে মাংস বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, সকালেই পুলিশ খবর পায় যে দম্পতিকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ রহিমা বেগমের লাশ উদ্ধার করে এবং অর্ধগলাকাটা অবস্থায় জীবিত ইমরানকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কোনাবাড়ী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, দম্পতির মেয়ে প্রাথমিকভাবে দাবি করেছে তার বাবা প্রথমে মাকে হত্যার পর নিজ গলা কাটার চেষ্টা করেন। তবে তার বক্তব্যে সন্দেহ থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।






















