আইনি জটিলতায় আটকে ট্রাম্পের সেনা প্রত্যাহারের উদ্যোগ
- আপডেট সময় : ০৫:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ২০৯২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট অঙ্গরাজ্য ওরেগনের পোর্টল্যান্ড এবং ইলিনয়ের শিকাগো শহর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মোতায়েন করা সেনা সদস্যদের প্রত্যাহার করা হচ্ছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুরু থেকেই পোর্টল্যান্ড ও শিকাগোতে সেনা মোতায়েনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এসব বিতর্ক ও আইনি জটিলতার মধ্যেই সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত মাসের শুরুর দিকে পোর্টল্যান্ডকে ‘যুদ্ধবিদ্ধস্ত এলাকা’ হিসেবে উল্লেখ করে সেখানে প্রায় ২০০ সেনা সদস্য পাঠানো হয়। একই সময়ে শিকাগোতে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড দমনে আরও ২০০ সেনা পাঠান ট্রাম্প।
তবে স্থানীয় প্রশাসনের আইন–শৃঙ্খলা রক্ষার কার্যক্রমে সেনাদের সম্পৃক্ততা নিয়ে আদালতে একের পর এক চ্যালেঞ্জ ওঠায় মাঠপর্যায়ে তাদের তেমন কার্যক্রম দেখা যায়নি। ফেডারেল এক বিচারক পোর্টল্যান্ড ও শিকাগোতে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দিয়েছেন।
অন্যদিকে, সহিংসতার কোনো বড় ঘটনা না থাকা সত্ত্বেও সেনা মোতায়েনকে ক্ষমতার অপব্যবহার উল্লেখ করে সমালোচনা করেছেন দুই শহরের দায়িত্বপ্রাপ্ত ডেমোক্রেটিক নেতারা।



























