রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি
- আপডেট সময় : ০৫:৫০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ২০৯২ বার পড়া হয়েছে
রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। কিয়েভের পক্ষ থেকে বলা হয়েছে, রুশ ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমানোই এ অভিযানের উদ্দেশ্য। হামলার পর শোধনাগারে আগুন লাগে। তবে রিয়াজানের স্থানীয় প্রশাসনের দাবি, ভূপাতিত করা ২৫টি ইউক্রেনীয় ড্রোনের টুকরো থেকে আগুনের সূত্রপাত।
ইউক্রেনীয় জ্বালানি স্থাপনাগুলোয় রাশিয়ার সাম্প্রতিক হামলার পর প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে খেরসন অঞ্চলে রুশ গোলাবর্ষণে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাপোরিঝঝিয়াতেও হামলা চালিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনের উপ–প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, জুলাইয়ের পর রেলপথে রুশ হামলা তিনগুণ বেড়েছে। দেশের পণ্য পরিবহনের ৬৩ শতাংশ এবং সামরিক সহায়তার বড় অংশ রেলপথে আসে; তাই এ সরবরাহব্যবস্থাকে দুর্বল করতেই রেলকে নিশানা করা হচ্ছে বলে তাঁর অভিযোগ।
রাশিয়ার অব্যাহত হামলায় ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক অংশীদারদের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এর মধ্যে রাষ্ট্রীয় জ্বালানি খাতে প্রায় ১০ কোটি ডলার আত্মসাতের অভিযোগে নতুন সংকটে পড়েছে ইউক্রেন। দুর্নীতির অভিযোগে দুই মন্ত্রীকে ইতোমধ্যে পদত্যাগে বাধ্য করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।



























