মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন আত্মসমর্পণ করে জামিনের জন্য আদালতে আবেদন করেছেন।
- আপডেট সময় : ০৬:০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ২১০৫ বার পড়া হয়েছে
গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে তারা ঢাকার একটি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
এর আগে পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়া, ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
আদালত সূত্র জানায়, নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিনের পরিচয় ব্যবহার করে মেহজাবীন ও তার ভাই বাদীকে পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রস্তাব দেন এবং নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন। তবে দীর্ঘ সময় পার হলেও কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়নি। পাওনা টাকা চাইতে গেলে তারা সময়ক্ষেপণ করেন।
অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাওয়ার পর বাদীকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গিয়ে বাদী জানান, মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং ভবিষ্যতে টাকা চাইতে এলে প্রাণনাশের হুমকি দেন। এতে বাদী আতঙ্কিত হয়ে মামলা করেন।




























