গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনায় গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে
- আপডেট সময় : ০৯:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ২১১৩ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, মানুষ, পুলিশ বা যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী গুলি ছোড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, ‘যাঁরা মানুষ কিংবা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল ছোড়েন বা যানবাহনে আগুন দেন, তাঁদের বিরুদ্ধে আইনসম্মতভাবে গুলি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।’
পাঁচ দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারও বেতারে কর্মকর্তাদের অনুরূপ নির্দেশ দেন। বিষয়টি প্রকাশ্যে এলে তা নিয়ে আলোচনা হয়। আজ বিকেলে ডিএমপি কমিশনারও বেতার বার্তায় একই নির্দেশনা দেন বলে পুলিশের অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা বা অগ্নিসংযোগ ঠেকাতে প্রয়োজন হলে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে জুলাই গণ–অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে। ওই সময় থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস–ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপের একাধিক ঘটনা ঘটে। এসব ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১৮ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


























