শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ দণ্ড দাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ২০৯৮ বার পড়া হয়েছে
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শাহবাগ থেকে শুরু হওয়া মিছিলটি রাজু ভাস্কর্য ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির নেতারা বলেন, বিচারকার্যকে কোনো চাপ বা পরিস্থিতি দিয়ে প্রভাবিত করা যাবে না। বিচারে বাধা দেওয়ার চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান সমাবেশে বলেন, গত ১৬ বছরে বিএনপি এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সংঘটিত নানা ঘটনার বিচার চেয়ে তারা সমাবেশে অংশ নিয়েছেন। তিনি দাবি করেন, বিভিন্ন ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকেও ন্যায়বিচারের প্রত্যাশা রয়েছে।
তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতার প্রতি সংগঠনটির আস্থা রয়েছে এবং অতীতের ঘটনাগুলো বিবেচনায় নিয়ে রায় দেওয়ার প্রত্যাশা করেন তারা।
সমাবেশে বক্তারা আশা প্রকাশ করেন, এসব ঘটনার বিচার হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায়বিচার পাবে।


























