শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে অস্থিরতার কোনো পরিস্থিতি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০১:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ২১১০ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো ধরনের অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ সকালে সচিবালয়ে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “বিজয় দিবস ঘিরে কোনো শঙ্কা নেই। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করেও দেশে কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি। পূর্বের মতো সব কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হবে, বরং আরও বিস্তৃত আকারে হবে। তবে আগেরবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না।”
গতকাল রাতে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়া ও পরে ফেরত দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “বিষয়টি প্রথমবার শুনলাম। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানা যাবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।”
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।


























