ট্রাম্পকে তীব্র সতর্কবার্তা দিলেন মাদুরো
- আপডেট সময় : ০৪:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ২০৯৮ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসন নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তার দেশে সামরিক হস্তক্ষেপ চালালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘রাজনৈতিক জীবনের ইতি ঘটবে’। সোমবার টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে এ সতর্কবার্তা দেন মাদুরো।
লাতিন আমেরিকার দেশটিকে ঘিরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি সেপ্টেম্বরের শুরুর দিকে ক্যারিবিয়ান এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাছ ধরার নৌকা লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। এসব হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন।
এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, ভেনেজুয়েলায় সম্ভাব্য হামলার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। ত্রিনিদাদ ও টোবাগোতে পাঁচ দিনব্যাপী নৌ মহড়া শুরুর ঘোষণা দিয়েছে পেন্টাগন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকেও ব্যস্ত প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
এমন পরিস্থিতিতে আগ্রাসন মোকাবিলার প্রস্তুতির পাশাপাশি ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন মাদুরো। তবে সোমবারের ভাষণে তিনি ট্রাম্পকে ‘চরম পরিণতি’র হুঁশিয়ারিও দিয়েছেন।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ভাষণে মাদুরো দাবি করেন, ট্রাম্পকে ঘিরে থাকা একটি গোষ্ঠী ভেনেজুয়েলায় সশস্ত্র হামলার উসকানি দিচ্ছে, যা শেষ পর্যন্ত ট্রাম্পকেই ক্ষতিগ্রস্ত করবে। তার বক্তব্য, ভেনেজুয়েলাকে কেন্দ্র করে ট্রাম্পকে ‘ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে’ যুক্তরাষ্ট্রের শক্তিশালী মহলগুলো।
মাদুরো বলেন, তাঁরা চান ট্রাম্প তাঁর জীবনের সবচেয়ে বড় ভুলটি করুন—ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান চালান, যার মাধ্যমে তাঁর নেতৃত্ব ও রাজনীতি শেষ হয়ে যাবে। তিনি অভিযোগ করেন, ট্রাম্পকে উসকানি শুধু বিরোধীদের কাছ থেকে নয়, বরং তাঁর ঘনিষ্ঠ মহলের কয়েকজনের দিক থেকেও আসছে।
তবে একই সঙ্গে মাদুরো আবারও আলোচনার আগ্রহের কথা জানান। বলেন, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংলাপে বসতে প্রস্তুত ভেনেজুয়েলা। কূটনৈতিক সমাধানের ওপরও তিনি জোর দেন। এর আগে গত রোববার ট্রাম্প বলেছিলেন, মাদুরোর সঙ্গে আলোচনা হতে পারে, কারণ ভেনেজুয়েলা আলোচনায় আগ্রহ দেখিয়েছে।



























