নতুন বাংলাদেশ গঠনে নারী–শিশু নির্যাতন প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান উপদেষ্টা শারমীনের
- আপডেট সময় : ০৫:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ২২০৮ বার পড়া হয়েছে
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “৭১-এর যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন—প্রতিটি সময়েই তরুণরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সেই স্পৃহা ও শক্তিকে এখন নতুন দেশ গঠনে কাজে লাগাতে হবে।”
গতকাল বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে ‘ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ’ আয়োজিত ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক আন্তঃকলেজ বিতর্ক উৎসবের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মো. কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মীর আহমদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান), নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার তাহমিদুর রহমান, সাধারণ সম্পাদক ফাতিন সাদাব লিয়ান, ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের সভাপতি ইউসুফ মাহমুদ তৌসিফ ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মির্জাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
উপদেষ্টা শারমীন বলেন, দেশের ন্যায়–সাম্য ও সুশাসন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু হলেও দীর্ঘ সময় তা ব্যাহত হয়েছে। তিনি বলেন, “স্বৈরতন্ত্রের উত্থান, অত্যাচার—সবকিছুর বিরুদ্ধে আবারও তরুণ প্রজন্ম জেগে ওঠে ২০২৪ সালের জুলাইয়ের যুদ্ধে। সেই ঐক্য ভাঙতে দেওয়া যাবে না।”
তিনি জানান, দেশের তরুণদের স্বপ্ন, প্রত্যাশা ও দৃষ্টিভঙ্গি জানতে দুটি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে আলোচনার আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান গুরুত্ব পাচ্ছে শিশু ও কন্যাদের অংশগ্রহণ।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “যেখানে নির্যাতন হবে, সেখানেই তরুণদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।” তিনি আরও আশা প্রকাশ করেন, “বাংলাদেশ একদিন সারা বিশ্বের কাছে নারী ও শিশুর জন্য নিরাপদ দেশ হিসেবে পরিচিত হবে।”
অনুষ্ঠানের শেষে তিনি উপস্থিত তরুণদের নতুন বাংলাদেশ গড়ার শপথ পাঠ করান।


























